মুখ
সুনীতার মহাকাশের গল্প পড়ি কাগজের পাতায়
ছত্রে ছত্রে শিল্পীর অপূর্ব সৃষ্টির কথা বর্ণিত সেথায়
মহাকাশযান থেকে মহাশূন্যে ভেসে বেড়ানোর অভিজ্ঞতা
হে বিধাতা বিজ্ঞানের কি অপূর্ব মহিমা ঢোকেনা মাথায় ।
মানুষ চাঁদে যাচ্ছে , মঙ্গলগ্রহেও মারছে উঁকিঝুঁকি -
হয়ত বা আগামী কয়েক দশক বাদে হলিডে ট্রিপ হবে-
তিন রাত চার দিনের টিকিটের জন্য পড়ে যাবে লাইন
জানিনা চাঁদ ছাড়া অন্য কোন গ্রহেও মানুষ হয়ত যাবে ।
মন ভরে যায়, উঁচু হয় মাথা, ঠাকুর আমরাও তবে জানি
পারি তোমার সঙ্গে পাল্লা দিতে, আত্মম্ভরিতায় ভরে ওঠে বুক;
কিন্তু এত মহিমা, গরিমা সবের সঙ্গে যে পারিনা আপোষ করতে -
অনাহারে, অর্ধনগ্ন মানুষের কথা ভেবে কোথায় লুকাই মুখ ?
অনুরাধা গুপ্ত
কলকাতা ৮/৪/১৩